দুর্গাপুরে খাল খনন প্রকল্পের উদ্বোধন
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ২১:৫৬ | অনলাইন সংস্করণ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় একটি গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমুখী খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ি সোমেশ্বরী নদী হতে শুকনাকুড়ি ভায়া পূর্ব দিকে গলইখালি ব্রিজের কাছ দিয়ে কংশ নদী পর্যন্ত প্রায় ৫ হাজার মিটার দীর্ঘ খাল খনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা।
তিনি তার বক্তব্যে বলেন, সরকারের এই ধরনের কর্মসূচি শুধু অবকাঠামো উন্নয়ন নয়, বরং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার একটি কার্যকর উদ্যোগ। অতিদরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল তিন ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ, যা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। তাদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও অর্থবহ ও হৃদয়গ্রাহী করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা মিজানুর রহমান, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, অধ্যক্ষ শহীদুল্লাহ খান, উপজেলা বিএনপি ও সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন অবহেলিত এই খালটি খননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষিজমি আরও উর্বর ও উৎপাদনশীল হয়ে উঠবে। ফলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
অনুষ্ঠানটি সম্প্রীতি, উন্নয়ন ও অংশগ্রহণমূলক কর্মকাণ্ডের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
