মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

‘কৃষকদের অতিরিক্ত জ্বালানির প্রয়োজন হলে তাৎক্ষণিক সরবরাহ করা হবে’

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ২২:১৭ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেছেন, কৃষকদের চাহিদার প্রেক্ষিতে অতিরিক্ত জ্বালানির প্রয়োজন হলে ডিপো থেকে তাৎক্ষণিকভাবে সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মুন্সীগঞ্জ জেলার জ্বালানি তেলের চাহিদা, মজুদ, আমদানি ও সরবরাহ পরিস্থিতি সংক্রান্ত এক প্রেস ব্রিফিং জেলা প্রশাসক সাংবাদিকদের এ তথ্য দেন।

তিনি বলেন, মুন্সীগঞ্জ জেলায় বর্তমানে মোট ১৯টি পেট্রোল পাম্প, ১১টি এজেন্সি এবং ৬টি ডিলারের মাধ্যমে জ্বালানি সরবরাহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত ১৯ এপ্রিল পর্যন্ত জেলায় মোট ডিজেল মজুদ ছিল ১ লাখ ১৭ হাজার ১২০ লিটার, পেট্রোল ৫ হাজার ২০৮ লিটার ও অকটেন ১২ হাজার ২২১ লিটার।

জেলা প্রশাসক আরও বলেন, বর্তমানে ফিলিং স্টেশনসমূহে বরাদ্দ অনুযায়ী নিয়মিতভাবে ডিপো থেকে জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে। বিশেষ করে চলমান কৃষি মৌসুমে সেচ কার্যক্রম এবং আড়িয়ল বিল অঞ্চলে ধান কর্তনের জন্য প্রয়োজনীয় জ্বালানি গত ১৯ এপ্রিল থেকে চাহিদা অনুযায়ী ফিলিং স্টেশন, ডিলার ও এজেন্সির মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। জেলা প্রশাসন সর্বদা জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর।

প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জ্বালানি তেল কেউ যেন সরবরাহ করতে না পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে এবং এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে জেলা প্রশাসনকে অবগত করতেও বলেন তিনি। 

ব্রিফিং অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মোঃ হাবিবুর রহমান, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান,সাধারণ সম্পাদক গুলজার হোসেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা-সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।