মানসম্মত শিক্ষা নিশ্চিতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে: চসিক মেয়র

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১৭:৪৭ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

এসএসসি পরীক্ষা ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) পরিদর্শনকালে তিনি কেন্দ্রের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্তভাবে সম্পন্ন হচ্ছে কিনা সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি কেন্দ্রের নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য একটি শান্তিপূর্ণ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

পরিদর্শন শেষে মেয়র অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষার্থীদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি উপস্থিত অভিভাবকদের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন।

খাবার ও পানি বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির সহ-সভাপতি আব্দুল বাতেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরীসহ সংশ্লিষ্ট শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।