মানিকগঞ্জে আকস্মিক কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ২০:৫০ | অনলাইন সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি

চলমান এসএসসি পরীক্ষা উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দুটি কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রাথমিক, গণশিক্ষা ও শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে কোনো ধরনের প্রটোকল ছাড়াই, এমনকি নিজের গাড়ির পতাকাও আড়াল করে তিনি সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন।
তার এ হঠাৎ আগমনে কেন্দ্র সংশ্লিষ্টদের মধ্যে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও নকলমুক্ত অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি কেন্দ্র সচিব, শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
মন্ত্রী বলেন, “সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।”
পাশাপাশি দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা না করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন তিনি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
