কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ ব্যবসায়ী নিহত

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ২১:৫৬ | অনলাইন সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক মোটরসাইকেল আরোহী।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতুর মাঝামাঝি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ভৈরব পৌর শহরের পলতাকান্দা এলাকার মৃত কালাম মিয়ার ছেলে মো. মোমেন (৩৮) ও চন্ডিবের এলাকার দুলাল মিয়ার ছেলে মো. আবদুল্লাহ (৪০)। আহত নিপু (৩৬) ভৈরবপুর এলাকার সেলিম মিয়া ছেলে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, ভৈরব বাজারের তিনজন মাছ ব্যবসায়ী বিকেলের দিকে একটি মোটরসাইকেলে ভৈরব থেকে সড়ক পথে আশুগঞ্জ যাচ্ছিলেন। এসময় সেতুর মাঝখানে পৌঁছলে পিছন থেকে হবিগঞ্জগামী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহী তিনজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পথচারীরা দ্রুত উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় নেয়ার পথে সন্ধ্যার দিকে মোমেন ও আবদুল্লাহ মারা যান। গুরুতর আহত নিপু বর্তমানে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার শারমিন জানান, “মোটরসাইকেল দূর্ঘটনায় আহত তিনজনের অবস্থাই গুরুতর ছিল। তাদের মধ্য মোমেন ও আবদুল্লাহ'র মাথায় আঘাত ছিল এবং নিপুর নাকে বড় আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য আমরা তিনজনকেই ঢাকায় রেফার্ড করেছি।”

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ চালক পারভেজকে আটক করে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মোমেন ও আবদুল্লাহ মারা যায়। গুরুতর আহত নিপু হাসপাতালে চিকিৎসাধীন আছে। এবিষয়ে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”