বস্তায় আদা চাষে সফল বীরগঞ্জের তরুণ উদ্যোক্তা রতন
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ২১:৫৬ | অনলাইন সংস্করণ
সিদ্দিক হোসেন, দিনাজপুর

দিনাজপুরের বীরগঞ্জে বস্তায় আদা চাষ করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণ কৃষি উদ্যোক্তা আসাদুজ্জামান রতন। স্বল্প জায়গা ও কম খরচে বেশি লাভের লক্ষ্য নিয়ে শুরু করা তার উদ্যোগ ইতোমধ্যে এলাকায় প্রশংসিত হচ্ছে।
বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের নতুনহাট এলাকার বাসিন্দা রতন। পুকুরপাড়ের দীর্ঘদিনের পতিত জমি কাজে লাগিয়ে প্রথমবারের মতো এক হাজার বস্তায় আদা চাষ করেছেন তিনি। ইউটিউব, অনলাইন ভিডিও এবং কৃষি বিষয়ক বিভিন্ন মাধ্যম থেকে ধারণা নিয়েই এই উদ্যোগ শুরু করেন।
রতন জানান, পুকুরের পাশের জমিটি বেশিরভাগ সময় ফাঁকা পড়ে থাকত। তাই সেটিকে কাজে লাগানোর চিন্তা থেকেই বস্তায় আদা চাষ শুরু করেন।
কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী ঝুরঝুরে মাটি, গোবর, ছাই ও ভার্মিকম্পোস্ট মিশিয়ে বস্তায় আদা রোপণ করা হয়। প্রতিটি বস্তায় প্রায় ৫০ গ্রাম করে বীজ কন্দ ব্যবহার করা হয়েছে। নিয়মিত পরিচর্যায় এখন বাগানটি সবুজে ভরে উঠেছে।
তিনি আরও জানান, এই চাষে প্রাথমিকভাবে প্রায় ৯০ হাজার টাকা খরচ হয়েছে। ফলন ভালো হলে তিন থেকে চারগুণ লাভের আশা করছেন তিনি।
নিজপাড়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলেন, বস্তায় আদা চাষ একটি জলবায়ু সহনশীল পদ্ধতি। এতে মাটিবাহিত রোগের ঝুঁকি কম থাকে এবং অতিবৃষ্টির সময় বস্তা সরিয়ে নেওয়ার সুবিধা রয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস বলেন, রতনের মতো তরুণদের এমন উদ্যোগ কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করছে এবং যুবসমাজকে উৎসাহিত করছে।
বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম বলেন, উদ্ভাবনী এ ধরনের চাষাবাদ টেকসই কৃষি ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ির ছাদ, উঠান ও পতিত জমিতে বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠছে। রতনের এই উদ্যোগ দেখিয়ে দিয়েছে, সৃজনশীল চিন্তা ও প্রযুক্তির ব্যবহারে অনাবাদি জমিও হতে পারে সম্ভাবনার ক্ষেত্র।
