ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে নিজেই হাসপাতালে নিলেন স্ত্রী

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ২২:০৯ | অনলাইন সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। পরে আহত স্বামীকে নিজেই হাসপাতালে নিয়ে যান অভিযুক্ত স্ত্রী।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ স্ত্রী নাজমা খাতুন (৩২)কে হেফাজতে নিয়েছে। আহত ইসমাইল গাজী বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে ইসমাইল গাজী তার দ্বিতীয় স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো বটি দিয়ে স্বামীর গোপন অঙ্গ কেটে দেন নাজমা। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, ইসমাইল গাজীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নাজমা খাতুন কাটা অঙ্গটি সঙ্গে নিয়েই স্বামীকে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে ইসমাইল গাজীর স্বজন ও স্থানীয়রা তাকে আটকে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

স্থানীয়দের ভাষ্য, ইসমাইল গাজীর একাধিক স্ত্রী রয়েছে। তার বড় স্ত্রী সন্তানদের নিয়ে আলাদা থাকতেন। সম্প্রতি বড় স্ত্রী বাড়িতে আসাকে কেন্দ্র করে দ্বিতীয় স্ত্রী নাজমার সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব তৈরি হয়। ধারণা করা হচ্ছে, এই বিরোধ থেকেই এমন ঘটনা ঘটেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, অভিযুক্ত নারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, অতীতেও একই ধরনের ঘটনায় ওই নারীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।