সিরাজগঞ্জে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৭:৫০ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। এ মেডিকেলের নাম দেওয়া হয়েছে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এ নাম পরিবর্তনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল এলাকায় আওয়ামী লীগ সরকার আমলে শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থাপন করা হয় এবং এ হাসপাতালে সম্প্রতি চিকিৎসা ব্যবস্থাও শুরু হয়েছে। যদিও অনেক বিভাগে চিকিৎসক, কর্মচারী ও যন্ত্রপাতির সংকটসহ নানা জটিলতা রয়েছে।
আওয়ামী লীগ সরকার পতনের পর এ নামেই মেডিকেল প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছিল। জেলাবাসীর মধ্যে বিশ্বাস সৃষ্টি হয়েছিল এ নামকরণই থাকবে। কিন্তু বর্তমান সরকার এক প্রজ্ঞাপনে এ মেডিকেলের নাম পরিবর্তন করেছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, দেশের একটি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
ওই মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. এ টি এম নুরুজ্জামান বলেন, সরকার মেডিকেল কলেজের নাম পরিবর্তন করেছে। কলেজ ও হাসপাতাল মন্ত্রণালয়ের আলাদা বিভাগ। মঙ্গলবার কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং হাসপাতালের নামও পরিবর্তনের জন্য বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সুপারিশসহ চিঠি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালে প্রায় ৮৮২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে সিরাজগঞ্জ জেলা শহরের অদূরে শিয়ালকোল এলাকায় প্রায় ৩১ একর জমির ওপর ৫০০ শয্যার এই মেডিকেল কলেজ ও হাসপাতালের যাত্রা শুরু হয়। জাতীয় চার নেতার অন্যতম সাবেক প্রধানমন্ত্রী শহীদ এম. মনসুর আলীর নামানুসারে এটির নামকরণ করা হয় শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল।
২০১৫ সালের ১০ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেডিকেল কলেজ ও হাসপাতালসহ দেশের ১১টি মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম উদ্বোধন করেন। একই বছরে মেডিকেল কলেজটিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়।
২০২১ সালের ২ আগস্ট ভার্চুয়াল মাধ্যমে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ওই মেডিকেল হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর আগেই বহির্বিভাগে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
