নোয়াখালীতে অপপ্রচারের প্রতিবাদে সম্মেলন ও মানববন্ধন

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৯:৪৭ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও তার প্রবাসী ভাই নজরুল ইসলামসহ কয়েকজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের অভিযোগ তুলে প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

দুপুরে বাহাদুরপুর জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সেখানে বক্তারা অভিযোগ করেন, একই এলাকার মাহফুজর রহমান জামসেদ ওরফে চেনি জামসেদ ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বিভিন্ন সময় মিথ্যা মামলা দায়ের করে সংশ্লিষ্টদের হয়রানি করছেন এবং ভিত্তিহীন তথ্য ছড়িয়ে এলাকায় বিভ্রান্তি সৃষ্টি করছেন।

তাদের দাবি, অপপ্রচারের মাধ্যমে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এমনকি জামসেদ তার ছোট ভাই, নেদারল্যান্ড প্রবাসী মোরশেদুর রহমানকেও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করা হয়। দেশে ফিরলে তার ওপর হামলা চালানো এবং জমিজমা দখলের হুমকিও দেওয়া হয়েছে বলে জানানো হয়।

এলাকাবাসী দ্রুত এসব মিথ্যা মামলা ও অপপ্রচার বন্ধের দাবি জানান। পাশাপাশি প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ সময় সমাজসেবক মো. সোলাইমানসহ স্থানীয় আরও অনেকে বক্তব্য দেন।

অভিযোগের বিষয়ে মাহফুজর রহমান জামসেদ সবকিছু অস্বীকার করে বলেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার ভাইদের সঙ্গে বিরোধ রয়েছে এবং এ নিয়ে সমাজের লোকজনের সঙ্গে মাঝে মাঝে বিবাদ সৃষ্টি হয়।

এ ঘটনায় আদালত ও বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।