রংপুরে অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে অভিযান, আটক ৩
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৯:৫৪ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুরে পৃথক দুটি অভিযানে অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করেছে র্যাব ও জেলা প্রশাসনের যৌথ দল। এসব ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ২টার দিকে রংপুর নগরীর ১১ নম্বর ওয়ার্ডের পূর্ব জলকরিয়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার হানিফ (৪০) ও শাহীন (৩৫) নামে দুজনকে আটক করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে তেল মজুত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে দুটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করে।
এ সময় হানিফের বাড়ি থেকে প্রায় ২০০ লিটার এবং শাহীনের বাড়ি থেকে প্রায় ৪০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
তবে আটক ব্যক্তিরা দাবি করেছেন, উদ্ধার হওয়া তেল তাদের নয়। শাওন ও সাহেব নামে দুই ব্যবসায়ী তাদের বাড়িতে এসব তেল সংরক্ষণ করে রেখেছিলেন বলে তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
অন্যদিকে, সিমেন্টের দোকানের আড়ালে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার অভিযোগে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দের বিশ্বনাথপুর গ্রামে মাহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ দল তার ব্যবসাপ্রতিষ্ঠান ‘জেরিন ট্রেডার্স’ ও বাসায় অভিযান চালিয়ে ২৫ লিটার পেট্রোল এবং ৬০ লিটার ডিজেল জব্দ করে।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান। পরে জব্দ করা তেল স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলামের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে ১০ হাজার ২৭৫ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান বলেন, মাহিদুল ইসলাম সিমেন্টের দোকানের আড়ালে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে দ্বিগুণ দামে বিক্রি করছিলেন। এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুত ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
