না’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে দালালবিরোধী অভিযান, আটক ৪

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ২০:২৫ | অনলাইন সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে দালালচক্রের তৎপরতা বন্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও র‌্যাব। এ অভিযানে নারীসহ চারজন দালালকে আটক করা হয়।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম এবং র‌্যাব-১১ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. আল মাসুদ খান।

আটক ব্যক্তিরা হলেন—খানপুর এলাকার মোজাম্মেল হক বাদল, বন্দর উপজেলার আম্বিয়া বেগম, পশ্চিম মাসদাইরের রাসেল এবং ফতুল্লার গাবতলী নতুন বাজার এলাকার আব্দুল মান্নান।

জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় সক্রিয় একটি দালাল চক্র রোগীদের কাছ থেকে অর্থ নিয়ে চিকিৎসার সিরিয়াল আগে-পরে করে দিত।

পাশাপাশি উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে আর্থিকভাবে লাভবান হতো তারা। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে হাতেনাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোজাম্মেল হক বাদলকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড, আম্বিয়া বেগম ও রাসেলকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আব্দুল মান্নানকে ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. আল মাসুদ খান বলেন, হাসপাতালের রোগীদের নানা সুবিধার প্রলোভন দেখিয়ে একটি চক্র অর্থ আদায় করছিল। অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম জানান, দালালদের কারণে সাধারণ রোগীরা ভোগান্তির শিকার হচ্ছিলেন এবং অনেক ক্ষেত্রে প্রতারণার মুখে পড়ছিলেন।

এ ধরনের কার্যক্রম বন্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে, যাতে মানুষ নির্বিঘ্নে চিকিৎসা সেবা নিতে পারেন।