সীমান্ত থেকে ২ কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ২০:৪৮ | অনলাইন সংস্করণ

পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক হওয়া দুই কিশোর হলো আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪)।
আজ বুধবার (২২ এপ্রিল) সকালে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকা থেকে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে ইন্দ্র ও উদয় গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় ভারতীয় চা বাগান দেখতে যান।
একপর্যায়ে তারা সীমান্তের প্রধান পিলার অতিক্রম করে প্রায় ১৫০ গজ ভেতরে ভারতের মীরগঞ্জ এলাকায় প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।
এ বিষয়ে গড়িনাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন দিপু জানান, স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জেনেছেন তিনি এবং বিজিবির সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, স্থানীয়দের মাধ্যমে দুই কিশোরকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
