চাঁদপুর

ভূঁইয়ার ঘাটে পল্টুন সংকট, ভোগান্তির পাশাপাশি রয়েছে দুর্ঘটনার ঝুঁকি

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৪:৪৮ | অনলাইন সংস্করণ

  শওকত আলী, চাঁদপুর

চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ বৃহত্তম বাণিজ্য কেন্দ্র পুরানবাজারের ভূঁইয়ার ঘাটে দীর্ঘদিন ধরে রয়েছে পল্টুন সংকট। এতে ব্যবসা-বাণিজ্যে চরম ভোগান্তির পাশাপাশি রয়েছে দুর্ঘটনার ঝুঁকিও। পর্যাপ্ত পল্টুন না থাকায় প্রতিনিয়ত ঝুঁকির মধ্য দিয়ে মালামাল লোড-আনলোড করতে হচ্ছে শ্রমিকদের, ফলে বাড়ছে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা।

স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা যায়, চাঁদপুরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র পুরানবাজারের মেঘনা ও ডাকাতিয়া নদীসংলগ্ন ভুঁইয়ার ঘাট দিয়ে প্রতিদিন লাখ-লাখ টাকার মালামাল ও আমদানি-রপ্তানীকৃত পণ্য ওঠানামা করে। কিন্তু বর্তমানে সেখানে মাত্র একটি পল্টুন রয়েছে। তাও শুকনো মৌসুমে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। এতে ব্যবসায়ী ও শ্রমিকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায় জানান, ২০১৭ সালের মে মাসে বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালকের কাছে দেওয়ানঘাট, ১নং ঘাট এবং জনতা মিল সংলগ্ন নতুন রাস্তার মাথায় তিনটি পল্টুন স্থাপনের জন্য আবেদন করা হয়েছিল। সে সময় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি।

তিনি আরও বলেন, পল্টুনের অভাবে শ্রমিকরা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে কাজ করছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। জনস্বার্থে দ্রুত নতুন পল্টুন স্থাপন জরুরি।

চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজমুল আলম পাটওয়ারী বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও শ্রমিকরা এ বিষয়ে দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।

জনতা লবণ মিলসের মালিক আবুল কালাম আজাদ বলেন, ভূঁইয়ার ঘাটের পল্টুনটি পুরানবাজারের ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান দিয়েই অধিকাংশ পণ্য প্রতিদিন লোড-আনলোড হয়, তাই দ্রুত নতুন পল্টুন স্থাপন করা প্রয়োজন।

এ বিষয়ে বন্দর কর্মকর্তা কামরুজ্জামান জানান, বিষয়টি তিনি নতুনভাবে অবগত হয়েছেন। তিনি শিগ্‌গিরই ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন এবং সেখানে জেটি স্থাপনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন।

স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে পুরানবাজারের বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমে আসবে।