হবিগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় জিরা ও গরু জব্দ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৫:১৯ | অনলাইন সংস্করণ

  হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিশেষ অভিযানে ১০ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা ও ১টি গরু জব্দ হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, এর আগে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার মাধবপুরের নোয়াহাটি নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

এ সময় সন্দেহভাজন একটি ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে ট্রাকটি থামানো হয়।

তল্লাশি করে দেখা যায়, ট্রাকটিতে থাকা বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিপুল পরিমাণ জিরা লুকানো রয়েছে। তাৎক্ষণিক জিরাগুলো জব্দ করা হয়।

অপরদিকে চুনারুঘাটের চিমটিবিল বিওপি নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে নলুয়া চা-বাগান নামক এলাকা থেকে ১টি ভারতীয় গরু জব্দ করে।

গরু ও জিরাগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।