সিরাজগঞ্জে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ, তদন্ত শুরু

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৬:৫৭ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে স্ত্রী রত্না খাতুনের (২০) মৃত্যুর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার মাহমুদ গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।

নিহত রত্না খাতুন পাবনার ভাঙ্গুড়া উপজেলার বাগুয়ান গ্রামের রতনের মেয়ে।

উল্লাপাড়া মডেল থানার ওসি মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে কাওছার (৩০) কয়েক বছর আগে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বাগুয়ান গ্রামের রতনের মেয়ে রত্না খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে রত্নাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছিল। এরই জের ধরে বুধবার রাতে রত্নাকে হত্যা করে ঘরের তীরের সাথে তার মরদেহ ঝুলিয়ে রাখা হয়। বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে, যার প্রেক্ষিতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।