মুন্সীগঞ্জে পৌরকর বৃদ্ধিতে উত্তেজনা, জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১৭:৫৮ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ পৌরসভায় চলতি অর্থবছরে পৌরকর বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে নাগরিকদের মাঝে। অযৌক্তিক কর স্থগিত এবং নাগরিক সেবার মানোন্নয়নের দাবিতে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে মুন্সীগঞ্জ পৌরসভার সচেতন নাগরিকবৃন্দ ব্যানারে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এতে নাগরিক বন্ধু মুন্সীগঞ্জের আহ্বায়ক মু. মাসুদ রানার নেতৃত্বে সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনরা অংশ নেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে পৌরসভার উদ্যোগে কর বৃদ্ধির নোটিশ দেওয়া হলেও তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নাগরিকদের অভিযোগ, গত বছরের তুলনায় অনেক ক্ষেত্রে কর দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও জনস্বার্থবিরোধী।
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় অতিরিক্ত কর আরোপ নাগরিকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। একইসঙ্গে পৌরসভার সেবার মানে তেমন কোনো দৃশ্যমান উন্নয়ন না থাকায় এ কর বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, শহরের বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বৃদ্ধি, নিয়মিত ড্রেন পরিষ্কারের অভাব, অপরিকল্পিত অটোরিকশা চলাচল, যানজট, ফুটপাত দখলসহ নানা সমস্যা বিদ্যমান রয়েছে। এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ না নিয়ে কর বৃদ্ধি করা হলে তা নাগরিকদের জন্য বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে।
এ প্রেক্ষিতে চলতি অর্থবছরের কর বৃদ্ধি কার্যক্রম অবিলম্বে স্থগিত করা, কর নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং নাগরিক সেবার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান।
