কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন স্থানীয় বিএনপি নেতা

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৪ | অনলাইন সংস্করণ

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে এক শিক্ষিকাকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আকবর আলীর বিরুদ্ধে। এ সময় কলেজে ভাঙচুর ও অন্যান্য শিক্ষককে মারধরের অভিযোগও উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনায় অধ্যক্ষ ও নারী শিক্ষকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আকবর আলী উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দুপুরে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়ান। বিশেষ করে আগের অধ্যক্ষের সময়কার আয়-ব্যয়ের হিসাব নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা প্রভাষক আলেয়া খাতুন হীরাকে মারধর করেন।

পরে আরও কয়েকজন নেতাকর্মী এসে অধ্যক্ষসহ অন্য শিক্ষকদের ওপর হামলা চালান এবং অফিস কক্ষে ভাঙচুর করেন।

আহতদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ আরও দুই কর্মচারী। তাদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রভাষক আলেয়া খাতুন হীরা অভিযোগ করেন, বিভিন্ন সময় কলেজে এসে আয়-ব্যয়ের হিসাবের নামে মূলত চাঁদা দাবি করা হতো। অধ্যক্ষের পাশে থেকে প্রতিবাদ করায় তাকেও হামলার শিকার হতে হয়েছে।

অভিযোগ অস্বীকার করে আকবর আলী দাবি করেন, কলেজের আগের অনিয়ম ও দুর্নীতির হিসাব চাইতে গেলে উল্টো তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়। তার বক্তব্য, প্রথমে তাদের ওপরই হামলা করা হয় এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

অধ্যক্ষ আব্দুর রাজ্জাক জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন পক্ষ তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি তা প্রত্যাখ্যান করায় এ বিরোধের সৃষ্টি হয়েছে।

দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকেই পুলিশ সেখানে উপস্থিত ছিল এবং উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে। তবে কিছু লোক জোর করে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।