উখিয়ায় বালু-মাটি খেকোদের দৌরাত্ম্য, অভিযানে ৩ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১৬:০৬ | অনলাইন সংস্করণ
কক্সবাজার অফিস

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে বালু ও মাটি খেকো সিন্ডিকেটের তৎপরতা উদ্বেগজনক হারে বেড়েছে। অবৈধভাবে পাহাড় কাটা ও খাল থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে একটি ড্রেজার মেশিনসহ সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক শাহিনুল ইসলাম জানান, উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকায় পরিচালিত অভিযানে বনভূমি কেটে পাহাড় ধ্বংস এবং ড্রেজার দিয়ে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সাইফুল ইসলাম ভূট্টো (৪২) নামের এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে ঘটনাস্থল থেকে একটি ড্রেজার মেশিন ও কোদাল জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
প্রশাসন সূত্রে জানা গেছে, মোছারখোলা বিট অফিস থেকে প্রায় এক কিলোমিটার এলাকায় বিস্তীর্ণ বনভূমি কেটে ফেলার ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রতিবেদন দিতে বন বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে বন বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও ভূমি অফিসের কর্মকর্তারা অংশ নেন। স্থানীয় বাসিন্দারাও এ সময় উপস্থিত ছিলেন।
ইউএনও রিফাত আসমা বলেন, “পাহাড় ও বনভূমি ধ্বংসকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উখিয়ার কোথাও অবৈধভাবে মাটি কাটা বা বালু উত্তোলন চললে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হবে।”
