তেলের কৃত্রিম সংকটের জন্য দায়ী অনৈতিক ব্যবসা: মির্জা ফখরুল
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১৮:২৫ | অনলাইন সংস্করণ

দেশে তেলের প্রকৃত কোনো সংকট নেই, বরং অনৈতিক ব্যবসার কারণেই কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জেলার মির্জা রুহুল আমিন মিলনায়তনে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে চেক ও বরাদ্দপত্র বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওসহ সারা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। জনগণের উদ্দেশে তিনি বলেন, সবাইকে ধৈর্য ধরতে হবে, কারণ দেশকে উন্নত ও স্থিতিশীল করতে সরকার কাজ করে যাচ্ছে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে। তারেক রহমান-এর নেতৃত্বে দেশ নতুনভাবে উন্নয়নের স্বপ্ন দেখছে এবং অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কাজ চলছে।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে এক বান্ডিল টিন ও তিন হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়। এছাড়া ৮০ পরিবারকে ৬ হাজার ২৫০ টাকা করে দেওয়া হয়। জেলা পরিষদের পক্ষ থেকে আরও ৭০ পরিবারকে এক বান্ডিল টিন এবং ৬০ পরিবারকে ৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।
এছাড়া ৮৮টি উন্নয়ন প্রকল্পের জন্য ৯০ লাখ টাকার বরাদ্দপত্র বিতরণ করা হয়। সব মিলিয়ে প্রায় ২০ কোটি টাকার অনুদান দেওয়া হয়। এর মধ্যে ১৯৫টি মসজিদ, ৮৯টি মন্দির, ৫টি কবরস্থান, ৪টি ঈদগাহ ও ১টি শ্মশানসহ মোট ২৯৪টি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোদা দাদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সদর থানা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
