সিরাজগঞ্জে কৃষি জমির মাটি কাটায় ৪ জনকে কারাদণ্ড
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১৮:৪৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শস্যভাণ্ডার খ্যাত তাড়াশ উপজেলার শোলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে বিক্রির অভিযোগে চারজনকে ২৫ দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন— নাটোরের সিংড়া উপজেলার রাকিব হোসেন (২১), গুরুদাসপুর উপজেলার ইসহাক আলী (২৪), বড়াইগ্রাম উপজেলার মেহেদি হাসান (২৪) ও তামজিদ হোসেন (২৫)।
জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহম্মেদ খান তাদের এ কারাদণ্ড দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলের দিকে উল্লেখিত এলাকায় অভিযান চালানো হয়। এ অভিযানে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি ও পরিবহনের অভিযোগে চারটি ড্রাম ট্রাকসহ চালকদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ১ লাখ টাকা করে জরিমানা ও ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। জরিমানার টাকা দিতে না পারায় প্রত্যেককে আরো ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
