বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৫:৫৩ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে ছাগল ও বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৮০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে ২টি করে ছাগল, ৫০ কেজি করে ছাগলের খাদ্য, ৫টি করে ম্যাট, ২টি টিন এবং ৪টি করে পিলার প্রদান করা হয়।
এসব সহায়তা তাদের আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছাগল বিতরণ ও বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।
বিতরণকালে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাগ্য উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছেন, পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের স্বাবলম্বী করার জন্য। সরকারের এ ধরনের উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. নোমান আলী এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এস এম সাইফ আলমসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
