চুয়াডাঙ্গায় মৌমাছির কামড়ে নৈশ প্রহরীর মৃত্যু
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৬:১০ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মৌমাছির কামড়ে আনিসুর রহমান (৪৫) নামের এক নৈশ প্রহরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আনিসুর রহমান দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের বাজার পাড়ার এলাকার আবু তাহেরের ছেলে এবং তিনি পেশায় ঝিনাইদহ জেলার খালিশপুর এলাকার একটি কোল্ড স্টোরের নৈশ প্রহরী ছিলেন।
নিহতের প্রতিবেশী আব্দুল্লাহ বলেন, প্রতিদিনের ন্যায় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা খালিশপুর এলাকার একটি কোল্ড স্টোরে দায়িত্ব শেষে ভোরে পাখিভ্যানযোগে বাড়ি ফিরছিলেন আনিসুর রহমান।
এ সময় দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ভ্যানের সামনে একটি মৌমাছির চাক ভেঙে পড়ে এবং তাকে একাধিক মৌমাছি কামড় দেয়। এছাড়া একটি মৌমাছি তার কানের ভেতরেও ঢুকে পড়ে।
তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পরে এই অবস্থায় তিনি বাড়িতে আসেন। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়। তবে সদর হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা।
তিনি আরও বলেন, নিহত আনিসুর রহমান তিন সন্তানের জনক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি ভিমরুল বা মৌমাছির কামড়ে আক্রান্ত হয়েছিলেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জানতে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) সুলতান মাহমুদ বলেন, এমন কোনো ঘটনা আমার জানা নেই। বিস্তারিত জানতে আমরা খোঁজ নিচ্ছি।
