গোয়ালন্দে হাম-রুবেলায় ১০ মাস বয়সি শিশুর মৃত্যু
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ২০:৩২ | অনলাইন সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে হাম-রুবেলা রোগে আক্রান্ত হয়ে আরিশা (১০ মাস) নামে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বক্স ফকিরপাড়া এলাকার মো. উজ্জল ফকিরের মেয়ে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর পর একই দিন রাতে গ্রামের বাড়িতে আনা হলে রাত সাড়ে ৮টার দিকে হাউলি কেউটিল ঈদগাহ ময়দানে প্রথম জানাজা এবং রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া খানকা শরীফে দ্বিতীয় জানাজা শেষে খানকা শরীফ কবরস্থানে শিশুটির দাফন করা হয়।
শিশুটির পিতা উজ্জল ফকির জানান, প্রায় এক মাস আগে তার মেয়ে হাম-রুবেলায় আক্রান্ত হলে প্রথমে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
জানাজায় উপস্থিত গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর নিজাম উদ্দিন শেখ বলেন, হাম-রুবেলায় আক্রান্ত শিশুদের জন্য স্থানীয়ভাবে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় তাদের বিভিন্ন হাসপাতালে পাঠাতে হয়। এতে অনেক সময় আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা অজানা থেকে যায়।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান বলেন, সারাদেশে হাম-রুবেলার প্রাদুর্ভাবের মধ্যে গোয়ালন্দে এই প্রথম কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর আগে এ রোগে কোনো শিশুর মৃত্যুর তথ্য তাদের কাছে নেই। তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং আইসোলেশনের জন্য দুই বেড প্রস্তুত আছে। উপসর্গ নিয়ে কোনো শিশু এলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।
