রপ্তানি কমার পেছনে বৈশ্বিক মন্দাকেও দায়ী করলেন মন্ত্রী
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ২১:১১ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানির দাম বৃদ্ধির কারণে নাটকীয়ভাবে বাসভাড়া ও নিত্য পণ্যের দাম বৃদ্ধির সুযোগ নেই। এক্ষেত্রে সকলের নজরদারি বাড়ানোর কথাও বলেন মন্ত্রী।
তিনি বলেন, আগামীতে নতুন বিনিয়োগকারীদের ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরির দিকে না গিয়ে লেস ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরি তৈরি করা উচিত।
শনিবার (২৫ এপ্রিল) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল চিত্তরঞ্জন কটন মিলের জায়গায় গড়ে ওঠা নিট শিল্প পল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়। তাই জ্বালানির কারণে যে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গিয়েছে ব্যাপারটা এমন নয়। রপ্তানির বৈশ্বিক একটা মৃদুভাব সেটিও এর একটা বড় নিয়ামক কারণ।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিটিএমসির শিল্প প্লটগুলোর মধ্যে দুইটি প্লট নিয়ে শিল্প পল্লী স্থাপন করা হয়েছে। আরো দুইটি প্লট একই প্রতিষ্ঠান নিতে যাচ্ছে। আর বাদ বাকি যে প্লটগুলো আছে সেগুলোতে কিছু স্থানীয় দখল সমস্যা আছে। এই সমস্যাগুলো আগামী দিনে তড়িৎ সমাধান করে প্রত্যেকটি শিল্পপ্লটে বিনিয়োগের ব্যবস্থা করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বিটিএমসির চেয়ারম্যান ব্রি: জে: এসএম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক (পিপিপি) কাজী ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাব রক্ষক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, বর্ণালী কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বির।
পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টরা টেক্সটাইল শিল্প পল্লীর বর্ণালী কালেকশন লিমিটেড নামে একটি পোশাক কারখানা পরিদর্শন করেন। পরে বাকি প্লটগুলোও তারা পরিদর্শন করেন।
