শত বছরের পুরোনো কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৫:১১ | অনলাইন সংস্করণ

  সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে ৫ গ্রামের পানি নিষ্কাশনের শত বছরের পুরোনো একমাত্র কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ৫ গ্রামের অত্যন্ত কয়েকশত মানুষ।

রোববার (২৬ এপ্রিল) মদনপুর টু গাউছিয়া হাইওয়েতে নয়াপুর বাজারের পাশে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁও উপজেলা উত্তরের সাবেক আমির মাওলানা ইসহাক মিয়া, গ্রাম বাংলা টিউব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু বক্কর, নয়াপুর উত্তর পাড়া মসজিদের সেক্রেটারি মো. ঈসমাইল ও মো. আরিফ, সমাজ সেবক মো. রুহুল আমিন-সহ ৫ গ্রামের অন্তত কয়েকশত নারী ও পুরুষ। 

মানববন্ধনে অংশগ্রহণ করে সোনারগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা ইসহাক মিয়া বলেন, আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার নিচে যে কালভার্টটি আছে এটি শত বছরের পুরোনো একটি কালভার্ট। যেই কালভার্টের নিচ দিয়ে আমাদের পূর্বপুরুষেরা নৌকা নিয়ে চলাফেরা করতেন এবং আমাদের সাদীপুর, হাতুরাপাড়া, আন্দারমানিকসহ পাঁচ গ্রামের পানি নিষ্কাশিত হয়। কিন্তু গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি মদনপুর টু গাউছিয়া হাইওয়ে সংস্কার কাজ করার সময় এই জনগুরুত্বপূর্ণ কালভার্টটি ভরাট করে ফেলেছে। অথচ বাংলাদেশ রেলওয়ের নকশা অনুযায়ী কালভার্টটি এখানে বিদ্যমান আছে।

তিনি বলেন, রাস্তার ওপাশ থেকে নানাখী খাল পর্যন্ত একটি খালও রয়েছে। যদি কালভার্টটি বন্ধ করে দেওয়া হয় তাহলে সাদীপুর ইউনিয়ন ও জামপুর ইউনিয়নের কমপক্ষে পাঁচ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়বে। মানুষের বসতভিটা, ঘরবাড়ি, ফসলি জমি সব কিছু পানির নিচে তলিয়ে যাবে। এই কালভার্টটির মাধ্যমে আমাদের পাঁচ গ্রামের যত পানি আছে পানিগুলো নিষ্কাশিত হয়। এখন আমাদের দাবি হচ্ছে আমাদের এই শত বছরের পুরোনো কালভার্টটিকে সংরক্ষণ করে যাতে রাস্তা নির্মাণ করা হয়। রাস্তা নির্মাণ করা হয় মানুষের সুবিধার জন্য কিন্তু একটি রাস্তা নির্মাণ করতে গিয়ে শত শত মানুষকে পানিবন্দি করা যাবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান কৃষিকাজ ও পয়োনিষ্কাশন ব্যবস্থার জন্য অনেক খাল খনন করেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন করে দেশের কাজ শুরু করেছেন। আমরা গ্রামবাসী কালভার্ট ও খাল বহাল রাখার জন্য নারায়ণগঞ্জ ডিসি মহোদয়, প্রকল্প পরিচালক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর আবেদন করেছি। আমরা আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলাকাবাসীর কল্যাণে এই খাল ও কালভার্ট বহাল রেখে রাস্তা সংস্কার করবে। 

এ সময় খাল ও কালভার্টের গুরুত্ব উল্লেখ করে এলাকাবাসীর পক্ষ থেকে অনেকেই বক্তব্য রাখেন।

পরে মদনপুর টু গাউছিয়া হাইওয়েতে বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে মানববন্ধন কর্মসূচি শেষ হয়।