দুর্গাপুরে বিরল রোগে আক্রান্ত কিশোর, সহায়তা চান পরিবার
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৯:১৫ | অনলাইন সংস্করণ
কলি হাসান, দুর্গাপুর (নেত্রকোণা)

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার এক হতদরিদ্র পরিবারের ১৬ বছর বয়সী কিশোর শাকিন (১৬) বিরল এক রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে।
উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফুলপুর গ্রামের দিনমজুর জসিম উদ্দিনের ছেলে শাকিন প্রায় ১৪ মাস ধরে ওই বিরল রোগে আক্রান্ত। যে বয়সে তার খেলাধুলা ও পড়াশোনায় ব্যস্ত থাকার কথা, সেখানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটছে শাকিনের। তার ৫ ভাই ও ১ বোন রয়েছে। অভাব অনটনের সংসারে কোনো মতো খেয়ে না খেয়ে চলছে তাদের সংসার।
পরিবার সূত্রে জানা যায়, দিন দিন শাকিনের শারীরিক অবস্থার অবনতি ঘটছে। প্রয়োজনীয় উন্নত চিকিৎসা করাতে পারছেন না তার বাবা-মা। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি জসিম উদ্দিন দিনমজুরের কাজ করে কোনো রকমে পরিবার চালান। ফলে সন্তানের চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।
এ অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল প্রতিষ্ঠান ও মানবিক মানুষের প্রতি জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে তার পরিবার। সহযোগিতা পাঠাতে চাইলে শাকিনের পিতার বিকাশ নম্বর ০১৩১০-৬৭১৪৫৫ (পার্সোনাল)।
স্থানীয় সচেতন মহলও শিশুটির চিকিৎসার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এবং বিষয়টি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন।
এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার জানান, বাচ্চাটির খোঁজ নিয়ে কি ধরনের হেল্প করা যায় আমি সর্বোচ্চ চেষ্টা করব।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভারপ্রাপ্ত মোহাম্মদ মিজানুর রহমান জানান, খোঁজখবর নিয়ে শিশুটির চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করা হবে।
