কিশোরগঞ্জে নির্মাণাধীন গেট ধসে শ্রমিক নিহত, আহত ৩
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৬:০৭ | অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের বিসিক শিল্প নগরীতে নির্মাণাধীন গেট ধসে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন শ্রমিক।
রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার মারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক রাসেল মিয়া (২৭) সদর উপজেলার স্বল্পমারিয়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, বিসিকের প্রধান ফটক নির্মাণের কাজ চলছিল। সন্ধ্যার দিকে ফটকের উপরের অংশে ঢালাই দেওয়া হচ্ছিল। এসময় ওপরে দুইজন ও নীচে দুইজন ঢালাইয়ের কাজ করছিলেন। ঢালাই শেষ হওয়ার পরপরই গেট ধসে পড়ে চারজন নির্মাণ শ্রমিক চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযানে যায়। এ সময় তারা অভিযান চালিয়ে চাপা পড়া চার শ্রমিককে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার রাসেল মিয়া নামের এক শ্রমিককে মৃত ঘোষণা করেন। অপর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
