কিশোরগঞ্জে জমি বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৯:৫৬ | অনলাইন সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। নিহত মো. শামীম (৩০) ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় জেলা শহরের হারুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী নাসরিন বলেন, ‘আমাদের সকলের সামনে লিংকন এসে আমার স্বামীকে পেটে ছুরি মেরেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।’

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া জানান, নিহত শামীমের সাথে দীর্ঘদিন ধরেই তার মৃত ফুফাতো ভাই সুলতানের ছেলে লিংকনের সাথে জমিজমা বিষয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয়কে কেন্দ্র করে আজ সকালে ঘরের ভিতরে গিয়ে পরিবারের লোকজনের সামনে শামীমকে ছুরিকাঘাত করে লিংকন পালিয়ে যায়।

স্থানীয়রা শামীমকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে যায়।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি মো. আবুল কালাম ভূঁইয়া।