চাকসুর উদ্যোগে চবিতে পেপারলেস ফি পরিশোধ
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ২২:১১ | অনলাইন সংস্করণ
চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের ফি পরিশোধে যুক্ত হলো পেপারলেস অনলাইন পেমেন্ট সিস্টেম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর উদ্যোগে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সোনালী ব্যাংক পিএলসি’র সহযোগিতায় চালু হওয়া এ সেবার মাধ্যমে এখন থেকে ঘরে বসেই সহজে বিভিন্ন ফি পরিশোধ করতে পারবেন শিক্ষার্থীরা।
সোমবার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন চাকসুর দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল নোমান।
এ ব্যাপারে আব্দুল্লাহ আল নোমান বলেন, ব্যাংকে লাইনে দাঁড়িয়ে পেমেন্ট করতে গিয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হতো। এতে তাদের দৈনন্দিন কার্যক্রমও ব্যাহত হতো। ভিড়ের কারণে নির্ধারিত সময়ে সেবা পাওয়া কঠিন হয়ে যেত। অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর ফলে শিক্ষার্থীদের সময় ও ভোগান্তি কমবে এবং সেবা গ্রহণ প্রক্রিয়া আরও সহজ হবে।
চাকসু সূত্রে জানা গেছে, নতুন এ ব্যবস্থার মাধ্যমে এখন থেকে শিক্ষার্থীরা ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই ঘরে বসেই বিভিন্ন ফি পরিশোধ করতে পারবেন।
এই অনলাইন পেমেন্ট সিস্টেমের আওতায় ভর্তি কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের ফি ও বিল সহজেই ডিজিটাল মাধ্যমে পরিশোধ করা সম্ভব হবে। এতে শিক্ষার্থীদের সময় ও ভোগান্তি দুটোই কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা এখন ঘরে বসেই অনলাইনে পেমেন্ট সম্পন্ন করতে পারবে এবং পরবর্তী কার্যক্রম একাউন্টস অফিস সম্পাদন করবে। এতে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
