রায়পুরায় মাদরাসা ছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক জুনায়েদ গ্রেপ্তার

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৩:৫৪ | অনলাইন সংস্করণ

  নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় আলোচিত মাদরাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি জান্নাতুল বুশরা বালিকা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা জুনায়েদ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে তাকে আটক করে রায়পুরা থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান। গ্রেপ্তার হওয়া জুনায়েদ আহমদ উপজেলার চান্দেরকান্দি এলাকার মুছলেহ উদ্দিনের ছেলে এবং ওই মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্বে ছিলেন। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

ভুক্তভোগীর মা জানান, প্রায় দুই মাস আগে রায়পুরা পৌর এলাকার হাসিমপুর-কলাবাড়িয়ায় অবস্থিত জান্নাতুল বুশরা বালিকা মাদরাসায় তার মেয়ে ও ছোট ছেলেকে ভর্তি করানো হয়। সেখানে আবাসিকভাবে থেকে পড়াশোনা করছিল ওই ছাত্রী। গত ২৪ এপ্রিল রাত আনুমানিক ২টার দিকে মাদরাসার মুহতামিম জুনায়েদ আহমদ ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেন বলে অভিযোগ করা হয়।

ঘটনার পর সকালে অসুস্থতা অনুভব করলে ওই ছাত্রী রায়পুরা পৌর শহরের মৌলভীবাজার এলাকার খালার বাসায় চলে যায়। সেখানে তার খালা বিষয়টি জানতে চাইলে ঘটনার বিস্তারিত জানান তিনি। পরে বিষয়টি ভুক্তভোগীর মা-বাবাকে ফোনে জানানো হয়।

এরপর ২৬ এপ্রিল রায়পুরা থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীর মা। পরে একদিন পর সোমবার বিকেলে মামলাটি ধর্ষণ মামলা হিসেবে রুজু করা হয়। মামলা রুজুর পর একই দিন রাতেই আসামি জুনায়েদ আহমদকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে গ্রেপ্তারের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে জুনায়েদ দাবি করেন, ঘটনাটি মিথ্যা এবং এটি একটি ষড়যন্ত্র।

ভুক্তভোগীর মা এবং অভিযুক্ত জুনায়েদের বক্তব্যও গণমাধ্যমে পাওয়া গেছে।