নোয়াখালীতে ২৪ ঘণ্টায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৫:০৭ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট, হাতিয়া ও সুবর্ণচর উপজেলায় গেল ২৪ ঘণ্টায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক মেধাবী শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন— সুবর্ণচরের তানজিনা আক্তার (১৭), কবিরহাটের মো. আয়মান (৯) এবং হাতিয়ার আরাফাত হোসেন (২২)।

জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নে বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে তানজিনা আক্তার মারা যান। তিনি স্থানীয় ইসমাইলিয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তানজিনা গত বছর দাখিল পরীক্ষায় পুরো উপজেলা থেকে জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থীর একজন ছিলেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরের পাশে বজ্রপাত হলে তীব্র শব্দে তিনি স্ট্রোক করে ঘটনাস্থলেই মারা যান।

এর আগে সোমবার দুপুরে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে বাড়ির আঙিনায় খেলার সময় বজ্রাঘাতে মো. আয়মান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়। সে ওই এলাকার রফিক মিয়ার ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নে মাঠ থেকে বাদাম তুলে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে আরাফাত হোসেন (২২) নামে এক তরুণের মৃত্যু হয়। স্বজনরা জানান, নিজের মায়ের চোখের সামনেই বজ্রাঘাতের শিকার হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।

এ বিষয়ে চরজব্বর থানার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

হাতিয়া থানার কর্মকর্তা (ওসি) কবির হোসেন বজ্রপাতে এক জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।