রাজশাহীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৭:৫৭ | অনলাইন সংস্করণ

  রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে রাজশাহী জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে র‌্যালী শুরু করে জেলা প্রশাসকের কার্যালয় মোড় ঘুরে ফিরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম মাহমুদুর রহমান, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) শরিফুল ইসলাম খান-সহ অন্যারা।

বক্তারা, সরকারি খরচে দরিদ্র জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।

এ সময় রাজশাহী জেলায় সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়।

জেলা লিগ্যাল এইড এর দেওয়া তথ্যমতে, ২০২৫ সালে রাজশাহী জেলায় ৭০১টি বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) আবেদন গ্রহণ করা হয়, যার মধ্যে ৬২১টি নিষ্পত্তি হয়েছে। এসব এডিআরের মাধ্যমে ১ কোটি ১১ লাখ ৮৬ হাজার ১১৬ টাকা আদায় করে বিচারপ্রার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। একই সময়ে ১ হাজার ৯১৯ জনকে আইনগত পরামর্শ দেওয়া হয়েছে। ওই বছর ১ হাজার ৩৫টি মামলা গ্রহণের বিপরীতে ৩৫৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ১৯৪টি এডিআর আবেদন গ্রহণ করা হয়েছে এবং ২৪২টি নিষ্পত্তি হয়েছে। এ সময় ৪৫ লাখ ২৩ হাজার ৬৫১ টাকা আদায় করে বিচারপ্রার্থীদের প্রদান করা হয়েছে। পাশাপাশি ৩১৭ জনকে আইনগত পরামর্শ দেওয়া হয়েছে এবং ২৩৫টি মামলার বিপরীতে ১২৯টি মামলা নিষ্পত্তি হয়েছে।