চালক হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১৭:৩৯ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলংগা থানার রঘুনাথপুর গ্রামের অটোভ্যান চালক বৃদ্ধ জাহের আলী আকন্দ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (২৯ এপ্রিল) সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ভূইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন করা হয়।

এতে বক্তব্য রাখেন, সেনা কর্মকর্তা (অবঃ) হেলাল উদ্দিন, বিএনপি নেতা আইয়ুব আলী মন্ডল, শিক্ষক মনিরুজ্জামান মনি প্রমুখ।

বক্তারা বলেন, ভ্যানচালক জাহের আকন্দ হত্যাকাণ্ডের ৯ দিন পার হলেও এখনও আসামিরা গ্রেপ্তার হয়নি। এ ঘটনায় আসামি গ্রেপ্তার না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং প্রয়োজনে মহাসড়ক অবরোধসহ আরো বৃহত্তর আন্দোলন করা হবে।

এ সময় সড়কের দুই পাশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও লিফলেট নিয়ে খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে সলংগা থানার ওসি আসলাম উদ্দিন জানান, অটোভ্যান চালক বৃদ্ধ জাহের আলী হত্যাকাণ্ডের মামলায় আসামিদের গ্রেফতারে ইতোমধ্যেই সাধারণের ব্যবস্থা নেয়া হয়েছে এবং ২/১ দিনের মধ্যেই তাদের গ্রেপ্তার করা হবে বলে তিনি আশা করছেন।