মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছরের কারাদণ্ড
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ২০:০৮ | অনলাইন সংস্করণ
লালমনিরহাট প্রতিনিধি

মাদক মামলায় হুমায়ুন আহমেদ কবির নামে এক ইউপি চেয়ারম্যানকে ৫ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন লালমনিরহাট আদালত।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রওশন আলম এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তি জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবির ২০১২ সালের ১৬ মে একটি পিকআপ ভ্যান বোঝাই ভুট্টা নিয়ে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পুরান বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ওই পিকআপটি তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ৩৪৪টি নিষিদ্ধ ফেনসিডিলের বোতল উদ্ধার করে।
এসময় পুলিশ ইউপি চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবির এবং সেকেন্দার আলী (৪৫) নামে তার এক সহযোগীকে আটক করে। পরে লালমনিরহাট সদর থানার এসআই আসাদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাদের জেলহাজতে পাঠায়।
ওই মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালতের বিচারক ওই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট জিন্নাত আরা ফেরদৌসী রোজি জানান, ইউপি চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবিরকে ৫ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলেই তাকে কারাগারে পাঠানো হয়েছে।
