রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ২২:০৬ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক আনছার আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে যে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা নন। এ অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল।
এর আগে কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো নির্দেশনার ভিত্তিতে আনছার আলীকে আহ্বায়ক করে ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করে রংপুর ইউনিটে দায়িত্ব দেওয়া হয়।
গত বছরের ২১ সেপ্টেম্বর রংপুরের বীর মুক্তিযোদ্ধা মীর মোহাম্মদ কাঞ্চন আলী (পিতা মীর মোহাম্মদ মোতাহার আলী, মুক্তিযোদ্ধা নম্বর ০১৮৫০০০১৫৪০, গেজেট নম্বর ৮৫, ভারতীয় তালিকা নম্বর ৪৫৮৯৯) আনছার আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
তিনি অভিযোগে বলেন, আনছার আলী (গেজেট নম্বর ১২৮৫/২০২৩) প্রকৃত মুক্তিযোদ্ধা নন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০০৫ সালে রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই কমিটির সামনে উপস্থিত হয়ে মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন আনছার আলী। পরে তিনি ২০১৭ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেন (জিডি নম্বর ২০৮৫০৭)। তবে ওই আবেদনের ভিত্তিতে গঠিত যাচাই-বাছাই বোর্ডেও তিনি উপস্থিত হননি বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে তিনি জাতীয় মুক্তিযোদ্ধা বিষয়ক কাউন্সিলে আপিল করেন এবং রংপুর বিভাগের একজন সংসদ সদস্যকে প্রভাবিত করে ২০২৩ সালে গেজেটভুক্ত হন বলে অভিযোগে বলা হয়েছে। অভিযোগকারীদের দাবি, তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা নন।
এই অভিযোগের ভিত্তিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহকারী পরিচালক উন্নয়ন মো. আব্দুল খালেক স্বাক্ষরিত নোটিশে উভয় পক্ষকে তদন্তে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। নোটিশ অনুযায়ী ২২ এপ্রিল সকাল ১০টায় কাউন্সিলের সম্মেলন কক্ষে সাক্ষ্য-প্রমাণসহ উপস্থিত থাকতে বলা হয়।
নির্ধারিত দিনে অভিযোগকারী মুক্তিযোদ্ধা মীর মোহাম্মদ কাঞ্চন আলীসহ সফিউল আলম, সমসের আলী ও মো. নুরুল ইসলাম উপস্থিত থাকলেও অভিযুক্ত আনছার আলী উপস্থিত হননি বলে জানা গেছে।
এদিকে রংপুরের মুক্তিযোদ্ধা মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তারা বলছেন, যখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কাজ করছে, তখন একজন বিতর্কিত ব্যক্তির নেতৃত্বে রংপুর জেলা ইউনিট কমান্ড পরিচালিত হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
