শায়েস্তাগঞ্জে পুরান বাজারে ডিম ব্যবসায়ীর অর্ধলক্ষ টাকা চুরি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১৮:০৭ | অনলাইন সংস্করণ
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পুরান বাজারে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ডিম ব্যবসায়ী অর্জুন রায়ের দোকানে হানা দিয়ে নগদ প্রায় ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
জানা যায়, বুধবার দিবাগত রাতে অন্ধকারের সুযোগ নিয়ে চোরেরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর এ ঘটনা ঘটে। পরদিন সকালে দোকান খুলতে এসে অর্জুন রায় দেখেন, দোকানের তালা ভাঙা এবং ভেতরের সবকিছু তছনছ অবস্থায় পড়ে আছে। পরে হিসাব করে তিনি দেখতে পান, ক্যাশবাক্সে রাখা নগদ ৫০ হাজার টাকা উধাও।
ঘটনার পরপরই বিষয়টি শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালামকে জানানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় পুরান বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
