সিরাজগঞ্জে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ২০:১৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কাজিপুরে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মাহবুবুর রহমান দিপু (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার রেহাইসুরিবেড় এলাকার মগবাজারে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মাহবুবুর রহমান দিপু ওই উপজেলার নাটুয়ারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতানা হক দম্পতির ছেলে।

কাজিপুর থানার ওসি শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, মাহবুব উল্লেখিত বাজার এলাকায় একটি ওয়ার্কশপের লেদ মেশিনে দেশীয় অস্ত্র পাইপগান তৈরি করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে সেখানে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও পাইপগান তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।