জাল কাগজ দিয়ে ফুয়েল কার্ডের আবেদন, কম্পিউটারের দোকান সিলগালা

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ২০:৩৫ | অনলাইন সংস্করণ

  জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় ড্রাইভিং লাইসেন্সের জাল লার্নার কপি দিয়ে ফুয়েল কার্ডের আবেদন করায় এক কম্পিউটার দোকান সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জলঢাকা পৌর শহরের থানা মোড়ে মনির কম্পিউটার দোকানে অভিযান পরিচালনা করে সিলগালা করা হয়।

এ সময় দোকান মালিক মনির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন।

সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, চলমান ফুয়েল কার্ডের আবেদন যাচাই বাছাইয়ে বেশ কয়েকটি ড্রাইভিং লাইসেন্সের লার্নার কপি জাল হিসেবে প্রমাণিত হয়। এ নিয়ে উপজেলা প্রশাসন অভিযান শুরু করেন। জাল লার্নার কপি তৈরী করার একাধিক অভিযোগ থাকায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জলঢাকা পৌর শহরের থানা মোড়ে মনির কম্পিউটার দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সালের ৪৫ ধারায় ওই কম্পিউটার দোকানটি সিলগালা এবং দোকান মালিককে জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই কম্পিউটার দোকানটি সিলগালা থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।