রংপুরে ভুয়া প্রশ্নপত্র বিক্রিতে জড়িত ছাত্র আটক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ২১:৫২ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের একটি অভিযানে অনলাইনে ভুয়া এসএসসি প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগরীর শালবন এলাকার আরসিসিআই স্কুল ও কলেজ সংলগ্ন একটি মেসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সদর দপ্তরের সহযোগিতায় পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে একটি চক্র অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে প্রতারণা করে আসছিল। এ ঘটনায় পুলিশ সদর দপ্তরের গোয়েন্দা শাখা বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে এবং রংপুর মহানগর এলাকায় সংশ্লিষ্ট একজন প্রতারকের অবস্থান শনাক্ত করে।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে শালবন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা ওই শিক্ষার্থীকে তার ব্যবহৃত ডিভাইসসহ আটক করেন।

আটক ব্যক্তি আরসিসিআই স্কুল ও কলেজের উচ্চ মাধ্যমিক শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শিশু আইন অনুযায়ী তার নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। তার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি থানার নাওডাঙ্গা এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে অর্থ গ্রহণের বিষয়টি স্বীকার করেছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে সংশ্লিষ্ট কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে এবং আর্থিক লেনদেনের তথ্যেও তার সম্পৃক্ততা মিলেছে।

এ ঘটনায় অনলাইন প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।