নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
প্রকাশ : ০১ মে ২০২৬, ১৫:০৭ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

‘বাস-ট্রাক শ্রমিক দিচ্ছে ডাক, চৌমুহনী বাজার যানজট মুক্তি পাক’- এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর চৌমুহনীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস।
শুক্রবার (১ মে) দুপুরে নোয়াখালী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও নোয়াখালী জেলা ট্রাক, ট্যাংলরী, কার্ভাড ভ্যান ও পিক আপ শ্রমিক ইউনিয়নের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এরপর র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাজী মো. আবুল বাহার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শামসুজ্জামান, নোয়াখালী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শহিদ উল্লাহ।
প্রধান বক্তা হিসেবে ছিলেন নোয়াখালী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল আমিন সেলিম, বাস মালিক সমিতির সভাপতি গোলাম রাব্বানী-সহ অনেকেই।
বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং চৌমুহনী বাজারের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন। তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শ্রমিকবান্ধব নীতিমালা বাস্তবায়নের দাবি জানান।
