চাঁদপুরে আহত সিএনজি চালক ও নিহতদের পরিবারের মাঝে সহায়তা প্রদান

প্রকাশ : ০১ মে ২০২৬, ১৯:১৩ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

মহান মে দিবস উপলক্ষ্যে চাঁদপুরে ১০ জন আহত সিএনজি চালক ও নিহত পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১ মে) দুপুরে শহরের পালবাজারস্থ নতুনবাজার-পুরানবাজার সংযোগ সেতু সংলগ্ন স্থানে আহত সিএনজি চালক ও নিহতদের পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন।

তিনি বক্তব্যে বলেন, আজকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার একটি দিন। আমি নিজেও একজন শ্রমিক। আপনি মজুরি পান, আর আমি পাই বেতন। আমরা সকলেই শ্রমিক। কেউ মানসিক শ্রম দেয়, আর কেউ শারীরিক শ্রম দেয়।

তিনি বলেন, রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবে না। নির্ধারিত স্ট্যান্ডের বাহিরে গাড়ি রাখা যাবে না। যেখানে স্ট্যান্ড, সেখানেই গাড়ি রাখতে হবে। চাঁদপুর পৌর এলাকার ৩টি স্ট্যান্ডে যদি জায়গা থাকে তাহলে আগামী রবিবার থেকে শ্রমিকদের সুবিধার্থে প্রথমে একটি টয়লেট করে দেওয়া হবে। পরবর্তীতে শ্রমিকদের জন্য বিশ্রামাগার করা হবে। ইনশাআল্লাহ আগামীতে আহত ও নিহত শ্রমিক পরিবারকে সহায়তা প্রদান করার চেষ্টা করবে চাঁদপুর পৌরসভা। এই মহতি উদ্যোগের জন্য ইজারাদার সোহেল গাজীকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানান তিনি।

চাঁদপুর পৌরসভার সিএনজি টোল ইজারাদার কামরুল ইসলাম সোহেল গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বিন আখতার (শরীফ)।

আহত সিএনজি চালকদের মধ্যে বক্তব্য রাখেন মুসলিম খান, মানিক খান, জসিম মেহেদী।

এসময় চাঁদপুর পৌরসভার বাজার পরিদর্শক শাহজাহান মাঝি, এ্যাসেসমেন্ট শাহরিয়ার, কর আদায়কারী তৌহিদুল ইসলাম চপল, নকশাকার জাহিদ খান, প্রধান সহকারী মো. জিল্লুর রহমান, পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল চৌকিদার, সহ-সাধারণ সম্পাদক মো. আলী মাঝি, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর বেপারী, সাবেক স্বেচ্ছাসেবকদের সভাপতি আসলাম হোসেন এমদাদ, সাংগঠনিক সম্পাদক রাজন আখন্দ, পৌর জাসাস সদস্য সবুজ কাজীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সবশেষ ১০ জন আহত সিএনজি চালক ও নিহত পরিবারের মাঝে সহায়তা হিসেবে চেকের মাধ্যমে নগদ অর্থ প্রদান করা হয়।