সিরাজগঞ্জ

কিস্তি পরিশোধ না করায় ২ বছরের শিশু সন্তানের মা গ্রেপ্তার

প্রকাশ : ০১ মে ২০২৬, ২০:১৭ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে এনজিওর কিস্তি পরিশোধ না করায় ২ বছরের শিশু সন্তানের মা গৃহবধূ জান্নাতি খাতুনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর পাটগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

এ ঘটনায় তার সঙ্গে থাকা শিশু সন্তানকে নানির জিম্মায় দিয়েছে পুলিশ।

তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, প্রায় ১ বছর আগে ওই গৃহবধূর স্বামী (আব্দুর রাজ্জাক) টিএমএসএস এনজিওতে ক্ষুদ্র ঋণ প্রকল্পের ফিল্ড সুপারভাইজার পদে নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা শাখায় চাকরি করতেন। ওই সময় তিনি চাকরির শর্তে এনজিওতে ২৪ হাজার ৮শ’ টাকা জামানত জমা রাখে এবং স্ত্রী জান্নাতি খাতুনের নামে অর্ধলাখ টাকা ক্ষুদ্র ঋণ গ্রহণ করে। কিছুদিন পর এনজিও থেকে চাকরি ইস্তফা দেন। ঋণের টাকার মধ্যে ২৫ হাজার টাকা কিস্তিতে পরিশোধ করা হয় এবং জামানত রাখা উল্লেখিত টাকা স্ত্রীর ঋণের সঙ্গে সমন্বয় করতে শাখা ব্যবস্থাপককে অনুরোধ করেন। কিন্তু এনজিও কর্তৃপক্ষ জামানতের টাকা ঋণের সঙ্গে সমন্বয় না করে গৃহবধূর বিরুদ্ধে আদালতে মামলা করে। এ মামলায় নাটোরের একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং বৃহস্পতিবার বিকেলে এলাকায় অভিযান চালিয়ে ২ বছরের শিশু সন্তানের মা ওই গৃহবধূকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে শিশু সন্তানকে নানির জিম্মায় রাখা হয়েছে।

শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।