ইতালিতে প্রবাসী বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
প্রকাশ : ০২ মে ২০২৬, ১৭:০৭ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দুই প্রবাসী সহোদর ভাইয়ের পারিবারিক বিরোধের জেরে ইতালিতে ঘটে গেছে মর্মান্তিক হত্যাকাণ্ড। দেশটির লেইজ শহরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই নয়ন ফকির। এই ঘটনায় এলাকায় ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
নিহত নয়ন শেখ (২১) ও অভিযুক্ত হুমায়ুন শেখ (২৭) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং এলাকার বাসিন্দা। তারা দেলোয়ার শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (স্থানীয় সময়) রাত আনুমানিক ৮টার দিকে ইতালির লেচে শহরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়।
অভিযোগ রয়েছে, বড় ভাই হুমায়ুন ফকির উত্তেজিত হয়ে ছোট ভাই নয়ন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর অভিযুক্ত হুমায়ুন ফকির ভিডিও কলের মাধ্যমে দেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে নিহত নয়নের রক্তাক্ত মরদেহ দেখান এবং নিজেই হত্যার কথা স্বীকার করেন। মোবাইল ফোনের পর্দায় প্রিয়জনের নিথর দেহ দেখে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। দ্রুতই খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে।
ঘটনার পর ইতালির আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, নিহতের পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। স্বজনদের আহাজারিতে টঙ্গীবাড়ীর সোনারং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
টঙ্গীবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ডাবলু বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে ইতালিতে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়েছেন বলে তারা জেনেছেন।
তিনি আরও জানান, নিহতের স্ত্রী কিছুদিন আগে পারিবারিক কলহের জেরে একটি অভিযোগ দায়ের করেছিলেন।
