ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ : ০২ মে ২০২৬, ১৯:৩৮ | অনলাইন সংস্করণ
পাবনা প্রতিনিধি

দেশের অন্যতম পুরনো ও ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টায় পাবনা প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন পাবনা প্রেসক্লাবের সম্মানিত জীবন সদস্য ও বিশিষ্ট শিল্পপতি মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।
আনন্দ শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রীতি সম্মিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রূপ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে ও সম্পাদক জহুরুল ইসলামের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার, পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) মো. সায়েদ বিন আবদুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল ইসলাম বিশু, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা লিজা ও মুহিনসহ বিশিষ্ট শিল্পীরা। র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এর আগে কেক কেটে মিষ্টিমুখের মধ্য দিয়ে ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়। তিন দিনব্যাপী আয়োজিত নানা অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল সদস্যসহ পাবনার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৬১ সালের ১ মে পাবনা প্রেসক্লাব প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন একেএম আজিজুল হক ও সম্পাদক ছিলেন রণেশ মৈত্র। একই দিন দু’দিন ব্যাপী সম্মেলনের মাধ্যমে মফস্বল সাংবাদিকদের তৎকালীন একমাত্র দাবি আদায়ের সংগঠন বাংলাদেশ সাংবাদিক সমিতি গঠন করা হয়।
প্রতিষ্ঠার শুরু থেকে পাবনা প্রেসক্লাব পেশাদারিত্ব ও মর্যাদার প্রতিষ্ঠান হিসেবে সবার আস্থা অর্জন করেছে। এই দীর্ঘ সময়ে মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সদস্যরা এ সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন।
