নরসিংদীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

প্রকাশ : ০২ মে ২০২৬, ১৯:৫১ | অনলাইন সংস্করণ

  নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছে। আজ শনিবার শহরের চৌয়ালা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতের নাম আল আমিন মিয়া (৩৫)। তিনি একজন অটোরিকশা চালক। তার বাড়ি রায়পুরা উপজেলার নিলক্ষা এলাকায়।

এ ঘটনায় নাঈম মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ।

নিহতের স্ত্রী শিল্পী বেগম জানান, নিহত আল আমিনের ছোট বোনকে কিছু দিন ধরে বিয়ের জন্য নাঈম নামের এক বখাটে ছেলে বিরক্ত করে আসছে। এ নিয়ে আল আমিন ও তার ছোট ভাই হাসানের সঙ্গে নাঈমের ঝগড়া হয়।

গতকাল নাঈমের সঙ্গে বড় ভাই আল আমিনের ঝগড়ার সমাধান হয়। এ সমাধান মেনে নিতে পারেনি ছোট ভাই হাসান। মানতে না পেরে আজ সকালে নরসিংদীর চৌয়ালা এলাকায় এসে বড় ভাই আল আমিনকে ছুরি মেরে হত্যা করে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছোট ভাই হাসানকে গ্রেপ্তার করতে অভিযান চলছে। নাঈম নামে একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সে আল আমিনের বোনকে বিরক্ত করত। তার নামে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।