সিরাজগঞ্জে জমি বিরোধে কৃষকের বাড়িতে হামলা ও লুটপাট

প্রকাশ : ০২ মে ২০২৬, ২০:২৮ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চর ভানুডাঙ্গা গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক কৃষকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উক্ত গ্রামের কৃষক আব্দুর রহমানের সঙ্গে একই গ্রামের আব্দুল মজিদ (৫৬) গংয়ের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার বিকেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এবং আব্দুল মজিদ গং ওই কৃষকের বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা তার গো-খামারসহ বাড়িঘর ভাঙচুর করে প্রায় ১৭ মণ ধান, ৪০ মণ ভুট্টা এবং খামার থেকে ৩টি গরু লুট করে নিয়ে যায়। এতে বাধা দিতে গেলে কৃষকের স্ত্রী রেবেকা খাতুনকে মারধর করা হয়।

এ ব্যাপারে ওই কৃষক বাদী হয়ে রাতেই সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।