খেলাধুলায় মেধা ও মননের বিকাশ ঘটবে: শিক্ষামন্ত্রী
প্রকাশ : ০২ মে ২০২৬, ২০:৪০ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বছরজুড়ে ছেলে-মেয়েদের খেলাধুলা ও পড়াশোনায় সম্পৃক্ত রাখতে পারলে তাদের মেধা ও মননের ইতিবাচক বিকাশ ঘটবে। ভবিষ্যৎ প্রজন্ম বিশ্ব দরবারে দেশকে নতুনভাবে তুলে ধরবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর স্টেডিয়াম-এ জেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি ক্রীড়া-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অতীতে ‘নতুন কুঁড়ি’ কার্যক্রমের মাধ্যমে দেশজুড়ে প্রতিভা খোঁজার উদ্যোগ নেওয়া হয়েছিল, যার ধারাবাহিকতায় আবারও নতুনভাবে এই আয়োজন শুরু হয়েছে। এর মাধ্যমে দেশব্যাপী মেধাবী ক্রীড়াবিদদের খুঁজে বের করে আন্তর্জাতিক মানে তুলে ধরার সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, একসময় তরুণ সমাজের মধ্যে নানা সামাজিক অবক্ষয় দেখা দিয়েছিল, অনেকেই মাদকের দিকে ঝুঁকেছিল। বর্তমান উদ্যোগের মাধ্যমে আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করে খেলাধুলার মাধ্যমে তাদের সুস্থ জীবনধারায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
মন্ত্রী জানান, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত খেলাধুলা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান এবং চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ অন্যরা।
অনুষ্ঠান শেষে বেলুন উড়িয়ে ‘নতুন কুঁড়ি ক্রীড়া-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। এতে বিভিন্ন ক্রীড়া আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে, সারা দেশে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চাঁদপুরের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
