গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ
প্রকাশ : ০২ মে ২০২৬, ২১:৪৯ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট।
বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে জোটের জেলা পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের পরিচালনায় গণমিছিল উত্তর সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার।
শনিবার বাদ আসর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে ১১ দলীয় জোটের ব্যানারে একটি বিশাল মিছিল বের করা হয়।
এ সময় নেতাকর্মীরা জুলাই বিপ্লবের চেতনা রক্ষা এবং গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে পৌরবাজারে গিয়ে একটি সংক্ষিপ্ত জনসভার মধ্য দিয়ে শেষ হয়।
জনসভায় নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে শুরুতেই ন্যক্কারজনক কাজ করেছে। ৭০ শতাংশ মানুষের প্রদত্ত রায়কে উপেক্ষা ও অবজ্ঞা করেছে তারা। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে ১৮০ দিনের মধ্যে সকল সংস্কার প্রস্তাব, বিশেষ করে সাংবিধানিক সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন করার কথা ছিল। সরকারি দল সেই প্রতিশ্রুতি দিলেও জনগণের মতকে উপেক্ষা করে তারা সংবিধান সংস্কারের শপথ নেয়নি। এখন তারা গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তালবাহানা শুরু করেছে। অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন আরও বেগবান হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যজোটের অন্যতম শরিকদল বাংলাদেশ খেলাফত মজলিশ নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মাওলানা ইউসুফ মাদানী, লেবার পার্টি নোয়াখালী জেলা সভাপতি জহিরুল হক, এনসিপি নোয়াখালী জেলা সদস্য সচিব কাজী মাইনুদ্দিন তানভীর, বাংলাদেশ খেলাফত মজলিশ নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি আব্দুল কাইয়ুম, ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর সেক্রেটারি বোরহান উদ্দিন প্রমুখ।
