মৌলভীবাজারে বন্যায় ২১৬০ হেক্টর বোরো ধান ক্ষতিগ্রস্ত

প্রকাশ : ০২ মে ২০২৬, ২১:৫৩ | অনলাইন সংস্করণ

  মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলায় অকাল বন্যায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন হাওর ও উপজেলায় মোট ২১৬০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ১০ হাজার ৮০০ মেট্রিক টন ধানের উৎপাদন ক্ষতির মুখে পড়েছে, যা স্থানীয় কৃষি অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছে কৃষি বিভাগ।

জানা যায়, জেলার শ্রীমঙ্গলের কাউয়া দীঘির হাওর এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সেখানে ১০৫৫ হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে বা অন্যান্য কারণে নষ্ট হয়েছে।

এছাড়া কুলাউড়া, বড়লেখা ও জুড়ি উপজেলায় হাকালুকি হাওরে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬২০ হেক্টর জমির বোরো ফসল।

উপজেলা পর্যায়ে শ্রীমঙ্গলে ২১৫ হেক্টর এবং কমলগঞ্জে ২৭০ হেক্টর জমির ধান ক্ষতির মুখে পড়েছে। আকস্মিক বন্যা, অতিবৃষ্টি ও পানি নিষ্কাশনের সমস্যাকেই এই ক্ষতির প্রধান কারণ হিসেবে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, মৌসুমের শুরুতে ভালো ফলনের আশা থাকলেও শেষ সময়ে এসে প্রাকৃতিক দুর্যোগে সবকিছু ভেস্তে গেছে। অনেক কৃষকই ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন, ফলে এই ক্ষতি তাদের জন্য চরম আর্থিক সংকট তৈরি করবে।

কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং সরকারি সহায়তা প্রদানের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। পাশাপাশি ভবিষ্যতে এমন ক্ষতি কমাতে টেকসই পানি ব্যবস্থাপনা ও আগাম সতর্কতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।