মির্জাগঞ্জে সড়ক ভেঙে কৃষি জমি প্লাবিত, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা

চরম ভোগান্তিতে সাধারণ মানুষ 

প্রকাশ : ০৩ মে ২০২৬, ২০:৫১ | অনলাইন সংস্করণ

  মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও খালের পানির প্রবল চাপে উত্তর আমড়াগাছিয়া টু আমড়াগাছিয়া সড়কের গুরুত্বপূর্ণ একটি সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে উত্তর আমড়াগাছিয়া, ময়দা ও ছৈলাবুনিয়াসহ অন্তত পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মালির খালের পাড় সংলগ্ন এই সংযোগ সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও ছোটখাটো যানবাহন চলাচল করে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নদ-নদী ও খালের পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় পানির তীব্র চাপে সড়কের ওই অংশটি আকস্মিক ধসে যায়। বর্তমানে ভাঙা স্থান দিয়ে খালের পানি প্রবাহিত হওয়ায় যান চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচলের উপায়ও নেই। বর্তমানে স্থানীয়রা নিজ উদ্যোগে সুপারি গাছ ফেলে সাঁকো তৈরি করে কোনোমতে পারাপার হচ্ছেন। এছাড়াও স্রোতের তোপে পার্শ্ববর্তী ফসলের মাঠে পানি প্রবেশ করে শতাধিক একর জমির ধান ও রবিশস্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কৃষকরা লোকসানের ঝুঁকিতে রয়েছেন। 

সরেজমিনে দেখা যায়, সড়কের বড় একটি অংশ ধসে গিয়ে খালের সাথে মিশে গেছে। গাছপালা ও মাটির স্তূপ উপড়ে পড়ে পানির স্রোত বইছে। এতে করে ওই অঞ্চলের শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া এবং সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় প্রয়োজনে যাতায়াত প্রায় বন্ধ হয়ে পড়েছে। বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে স্থানীয়দের।

ভুক্তভোগী সুনীল হালদার বলেন, সড়কটি ভেঙে যাওয়ায় তারা এখন কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। দ্রুত সংস্কার না করলে সামনের বর্ষায় ভাঙনের পরিধি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে সড়কটি মেরামত করার দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, জনগণের ভোগান্তির কথা চিন্তা করেন সড়কটি সংস্কার করার দাবি জানাই।  

মির্জাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল বলেন, খবর পেয়ে ওখানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পাঠিয়েছি। তিনি পরিদর্শন করেছেন। অতি দ্রুত সড়কটি সংস্কার করা হবে।